ওঙ্কার ডেস্ক: সিকিমে ভয়াবহ ভূমিধস। অতি বৃষ্টিতে ভূমিধস নামল নির্মীয়মাণ টানেলে। সিকিমের পাকইয়ংয়ের সামারদুং এলাকার ঘটনা। সূত্রের খবর, টানেলের ভিতরে আটকে ছিলেন বহু শ্রমিক। টানেলে আটকে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধার করা হয়েছে ১২ জনকে। তবে টানেলের ভিতরে এখনও ১৮ বা তার বেশি মানুষ আটকে থাকার আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
টানেল থেকে বাইরে আসা শ্রমিকরা জানিয়েছেন, সোমবার দুপুরে আচমকাই একটা বিস্ফোরণের মতো শব্দ শুনতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে আসেন। ফলে ঠিক কী কারণে এমন ধস নামল, তা এখনও অস্পষ্ট।
জানা যাচ্ছে, প্রায় ২৫০ মিটার দীর্ঘ টানেলটি সিকিমের প্রথম ডাবল-লেন টানেল। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় ওই টানেল তৈরির কাজ চলছে। এটি ১০ নম্বর জাতীয় সড়কের তিস্তা স্টেজ-৪ জলবিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি। এটি সিকিমের সঙ্গে নাথু-লা পাসের সংযোগকারী কৌশলগত পথ। টানেলটি চালু হলে গ্যাংটকমুখী পর্যটক এবং নাথু-লা পাসগামী সেনাবাহিনীর যানবাহনগুলির সহজে যাতায়াত করতে পারবে। কিন্তু টানেল তৈরির আগেই ঘটল এই দুর্ঘটনা।