ওঙ্কার ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই এসআআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়েছে, জুডিশিয়াল অফিসাররা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে নথি যাচাইয়ের কাজ করবেন। যদি প্রয়োজন হয়, সে ক্ষেত্রে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন।
আদালত জানিয়েছে, আপাতত তালিকা যতটা প্রস্তুত হয়েছে, তাইই প্রকাশ করতে হবে। এদিন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টকে এই নির্দেশ না-দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি যুক্তি দেন, এর ফলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কিন্তু আদালত সেই আর্জিতে কান দেয়নি। সেই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে বেশি দিন যুক্ত রাখা যাবে না। এসআইআর নথি যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ কিংবা প্রাক্তন বিচারকদের এই পদে নিয়োগ করা হবে।
শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত পশ্চিমবঙ্গে এসআইআর পরিস্থিতিকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন। সর্বোচ্চ আদালত জানিয়েছে, রাজ্য পুলিশের ডিজি এবং সংশ্লিষ্ট জেলাশাসক আদালতের নির্দেশ কার্যকর করতে দায়বদ্ধ। যে সমস্ত বিচারবিভাগীয় আধিকারিককে নিয়োগ করা হবে, তাঁদের দেওয়া নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মানা হবে। রাজ্য সরকারকে অবিলম্বে তা পালন করতে হবে। শনিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের বৈঠক হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
