স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: ফের পাকিস্তান বধ ভারতের। ম্যাচ শেষে আর লজ্জায় হাত মেলানোর অবস্থায় ছিলেন না পাক খেলোয়াড়রা। টি২০ বিশ্বকাপে ৬১ রানে হেরে রীতিমতোই চাপে পড়েছে পাকিস্তান। প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লাও।
টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৬১ রানের জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিয়ে সুপার এইটে উঠল ভারত। অন্যদিকে তিন নম্বরে নেমে গেছে পাকিস্তান। নামিবিয়াকে হারিয়ে ২ নম্বরে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘এই জয় গোটা ভারতের জন্য। ঠিক যে রকম ক্রিকেট খেলতে চেয়েছিলাম সে রকমই খেলেছি। আমি খুবই খুশি।’
মন্থর পিচেও আগ্রাসী ব্যাটিং কী ভাবে করতে হয়, সেটা রবিবার দেখিয়েছেন ঈশান। তরুণ ব্যাটারের সাহস দেখে অবাক সূর্যকুমারও। বলেছেন, ‘ঈশান এ ভাবেই ব্যাট করে। গত কয়েকটা ম্যাচে এবং ঘরোয়া ক্রিকেটে ও এ ভাবেই ব্যাট করে এসেছে। চাপের সময়ে ও বাকিদের চেয়ে অন্য রকম ভেবেছিল। ০/১ অবস্থায় কাউকে দায়িত্ব নিতেই হত। সেই কাজ খুব ভাল ভাবে পালন করেছে ঈশান। শুধু ওরা নয়, তিলক, শিবম এবং রিঙ্কুও যে ভাবে ব্যাট করেছে, তা-ও প্রশংসনীয়। ম্যাচের সেরা ঈশান কিষান বললেন, ‘উইকেট সোজা ছিল না। কোনও কোনও সময়ে নিজের দক্ষতার উপর আস্থা রেখে ব্যাট করতে হয়। শুধু বলের উপর চোখ রেখে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেছি। নিজের দক্ষতায় আস্থা রেখেছি। অফ সাইডের শট উন্নতি করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। তারই সুফল পাচ্ছি।’
