ওঙ্কার ডেস্ক: ম্যাঞ্চেস্টারে ছুরিকাঘাতে মৃত্যু হল দু জনের। বৃহস্পতিবার ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে একটি সিনাগগের বাইরে ভিড়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর ছুরি দিয়ে হামলা করা হয়। ইয়োম কিপ্পুরের পবিত্র জিউশ ডে উপলক্ষে জড়ো হয়েছিলেন মানুষ। আর সেখানেই ঘটে গেল এই ঘটনা। দুই জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর ভাবে জখম হয়েছেন তিন জন।
গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং মনে করা হচ্ছে তার মৃত্যু হয়েছে। হামলাকারীর কাছে বিস্ফোরক ডিভাইস ছিল কিনা তা তদন্ত করছে ঘটনাস্থলে থাকা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। রাজা তৃতীয় চার্লস এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন এই হামলায় তিনি ‘গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত’। অন্য দিকে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইহুদি সম্প্রদায় ইয়োম কিপ্পুর উদযাপন করার সময় ব্রিটেন জুড়ে সিনাগগগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এক্স হ্যান্ডেলে স্টারমার লিখেছেন, ‘ইহুদি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরে এই ঘটনাটি ঘটেছে, এটি আরও ভয়াবহ।’
উল্লেখ্য, সাম্প্রতিককালে ব্রিটেনে যতগুলি হামলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে ম্যাঞ্চেস্টারে। এই শহরে ২০১৭ সালে আরিয়ানা গ্র্যান্ডের একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জনের মৃত্যু হয়েছিল।
