নিজস্ব প্রতিনিধি : আগে ভাগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল পর্ষদ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহালের রায় শুনিয়েছে হাই কোর্ট। এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশি ৩২ হাজার প্রাথমিক শিক্ষকরা। তবে মামলাকারীর আইনজীবী দাবি করেছিলেন, হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। তার আগে শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহালের রায় দেয় ডিভিশন বেঞ্চ। রায় শোনার পর মামালকারীদের আইনজীবারা জানায় , কলকাতা হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাবেন। এই পেক্ষাপটে আগে ভাগে ক্যাভিয়েট (সাবধনতা) দাখিল করে রাখল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
ওয়াকিবহাল মহলের ধারণা, যাতে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য শোনার পরই কোনও নির্দেশ দেয়। তাই এই ক্যাভিয়েট। আইনজীবীদের একাংশ মনে করছেন, পর্ষদের শঙ্কা রয়েছে, চাকরি বাতিলের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা। তাই ফের শিক্ষকদের চাকরি নিয়ে যাতে দোলাচল তৈরি না হয় সে কারণে আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। মামলা দায়ের হলে, সেই শুনানিতে পর্ষদের কথা না শুনে সুপ্রিম কোর্ট যাতে কোনও নির্দেশ না দেয়, তার জন্যই আগাম পদক্ষেপ।
