ওঙ্কার ডেস্ক: এর আগে একাধিক বার তালিবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান অস্থিরতার মাঝেই তালিবানের শীর্ষনেতার মৃত্যুর খবর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলা হচ্ছে পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে হিবাতুল্লাহ-র। এখনও পর্যন্ত এই নিয়ে পোক্তা খবর বাইরে আসেনি। কাবুলের তরফ থেকেও কোন সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
সামাজিক মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর, পাকিস্তানের বিমান হামলায় নাকি নিহত হয়েছেন তালিবানের এই শীর্ষ নেতা। তবে এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।তালিবানের সর্বোচ্চ নেতা হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা। মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর সংগঠনের নেতৃত্বভার তাঁর কাঁধে আসে। এরপর থেকেই তিনি তালিবানের ধর্মীয় ও রাজনৈতিক নীতিনির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান পুনরায় ক্ষমতায় ফেরার পরও আখুন্দজাদা খুব কমই প্রকাশ্যে এসেছেন। মূলত কান্দাহার থেকেই সংগঠনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন বলে জানা যায়।
সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, আফগানিস্তানের একাধিক এলাকায় পাকিস্তানের তরফে বিমান হামলা চালানো হয়। সেই হামলাতেই আখুন্দজাদা নিহত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়। কয়েকটি অনলাইন পোর্টালেও একই দাবি সামনে আসে। যদিও তালিবান প্রশাসনের তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখযোগ্য বিষয়, অতীতেও একাধিকবার আখুন্দজাদার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই সব দাবি ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তাঁর গোপনীয় জীবনযাপন এবং জনসমক্ষে অনুপস্থিতি ঘিরেই বারবার এমন জল্পনা তৈরি হয় বলে মনে করেন বিশ্লেষকরা।
