নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও গতি আনতে বড় পদক্ষেপ। ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা কাটার পর দ্বিতীয় এসএলএসটির নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউতে কারা ডাক পাবেন, সেই তালিকাই প্রকাশ করা হয়েছে।
সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কলকাতা হাইকোর্টের ১৪ সেপ্টেম্বরের নির্দেশ এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের গাইডলাইন মেনেই এই সংশোধিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com এবং হেল্পডেস্ক পোর্টাল wbsschelpdesk.com-এ আপলোড করা হয়েছে। প্রার্থীরা নিজেদের নাম ও রোল নম্বর দিয়ে লগ-ইন করে তা দেখতে পারবেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, তালিকায় থাকা সফল প্রার্থীদের জন্য পরবর্তী ধাপে নথি যাচাই, ইন্টারভিউ এবং ক্লাস টিচিং বা লেকচার ডেমনস্ট্রেশনের আয়োজন করা হবে। তার দিনক্ষণ ও সময়সূচি খুব শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
এসএসসির এই ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীদের একাংশ। দীর্ঘদিন ধরে ওবিসি মামলা এবং নিয়োগে দুর্নীতির অভিযোগে আটকে ছিল প্রক্রিয়া। নতুন তালিকা প্রকাশের ফলে সেই জট খুলবে বলে মনে করছেন অনেকেই। রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট মেটাতে এবং ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছে শিক্ষা মহল।