গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : শেষাগত শীতের, মাঠে নেই পাকা ধানও। কিন্তু এবার সুন্দরবন জঙ্গল লাগোয়া গ্রামে ছড়াল বাঘের আতঙ্ক। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝড়খালির টেকনো চত্তর এলাকায়। ঘটনায় সাধারণ মানুষজন আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুন্দরবনের ঝড়খালি এলাকায় রয়েছে হেড়োভাঙা নদী। নদীর একপ্রান্তে মানুষের বসবাস। অপর প্রান্তে বাঘের ডেরা সুন্দরবনের গহীণ অরণ্য।
স্থানীয় মানুষের দাবি শুক্রবার ভোর রাতে হেড়োভাঙ্গা নদী সাঁতরে ঝড়খালির লোকালয়ের টেকনো সংলগ্ন এলাকায় একটি বাঘ ঢুকে পড়ে। এখনও বাঘের টাটকা পায়ের ছাপ। আগুনের স্ফুলিঙ্গের মতো দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
অন্যদিকে বনদফতর সুত্রের খবর সম্ভবত বাঘটি ঘাঁটি গেড়ে থাকতে পারে। আবার জঙ্গলে ফিরেও যেতে পারে। তবে বাঘের উপস্থিতির উপর কড়া নজর রেখে খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বনদপ্তরের কর্মীরা এলাকায় তদন্ত শুরু করেছেন।
