ওঙ্কার ডেস্ক: দিল্লি জল বোর্ডের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হল আম আদমি পার্টির নেতা ও দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। এই মামলায় জৈন ছাড়াও আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতারের পর সত্যেন্দ্র জৈনের পাশে দাঁড়িয়েছেন আপের জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে জৈনকে।
অরবিন্দ কেজরিওয়াল সরাসরি এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশেই সত্যেন্দ্র জৈনকে ফের গ্রেফতার করা হয়েছে।
সমাজ মাধ্যমে একটি পোস্টে কেজরিওয়াল ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এর আগেও একটি মামলায় জৈনকে দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছিল।
কেজরিওয়ালের বক্তব্য, আগের মামলাটিও সাজানো ছিল। নতুন মামলাটিও যে ভিত্তিহীন, তা তদন্তের পর প্রমাণিত হবে। আপ সুপ্রিমোর আরও অভিযোগ, বিজেপি বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদের জেলে পাঠাচ্ছে। তাঁর প্রশ্ন, এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা আর কতদিন চলবে?
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, জেলে থাকার কারণে যে মানসিক যন্ত্রণা এবং ব্যক্তিগত ক্ষতি হয়, তার দায় কে নেবে? তাঁর দাবি, বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। মোদি সরকারের পতন নিশ্চিত বলেও মন্তব্য করেন আপ নেতা। আম আদমি পার্টি এবং দেশের মানুষ সত্যেন্দ্র জৈনের পাশে রয়েছে বলে মন্তব্য করেন কেজরি।
উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দাবি নিয়েই রাজনৈতিক যাত্রা শুরু করেছিল আম আদমি পার্টি। দলীয় প্রতীক হিসেবে ঝাড়ু বেছে নেওয়ার মধ্যেও সেই বার্তা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দলের বেশ কয়েকজন নেতা জেলেও গিয়েছেন। এর আগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। এবার দিল্লি জল বোর্ডের টেন্ডার সংক্রান্ত মামলায় জৈনের গ্রেফতারির ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করেছে।