রওঙ্কার ডেস্ক: নির্মীয়মাণ বহুতলের দেওয়াল ভেঙে মৃত্যু হল ৭ শ্রমিকের। চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও চার জন। সোমবার সন্ধ্যায় গুরুগ্রামের সিদ্রাওয়ালি এলাকার সিগনেচার গ্লোবাল সোসাইটিতে এই ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড শব্দে দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন প্রায় ১৫ জন শ্রমিক। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ। প্রশাসন এবং এসডিআরএফ এর দল উদ্ধার অভিযান শুরু করে। মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলে উদ্ধারকারীরা। এক ঘন্টা ধরে উদ্ধার অভিযানের পর ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা সাত জনকে মৃত বলে ঘোষণা করে। চার জন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত এক শ্রমিকের আত্মীয় এই ঘটনা নিয়ে বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছই, তখন সংস্থার আধিকারিকদের সঙ্গে আমাদের দেখা করতে দেওয়া হয়নি…তারা দায় এড়াতে চায়। এখনও পর্যন্ত কেউ আমাদের অভিযোগ শোনেনি।’ পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকদের দেহ সরকারি জেলা হাসপাতালে রাখা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
