ওঙ্কার ডেস্ক: সকাল হলেই যেন এখন মেঘলা আকাশ, জমাট বাঁধা ঘন কালো মেঘ। আবার কখনও দিন শুরু হচ্ছে প্রবল বৃষ্টি দিয়ে। এই নিম্নচাপের প্রভাবে দুর্গাপুজোও কি ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে, সেই আশঙ্কাই এখন সকলের মনে। হাওয়া অফিস জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েই যাচ্ছে।
আবহাওয়া দফতর সুত্রে খবর, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। বুধবারও সারা দিন কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কলকাতাসহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবারও আবহাওয়ার তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কম। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।
উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তটি মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই এই বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির, চুরু, গুনা হয়ে মধ্যপ্রদেশের জবলপুরের উপর দিয়ে ওডিশার কেওনঝাড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এগিয়েছে। যার জেরে মৎস্যজীবীদের ২ থেকে ৪ সেপ্টেম্বর অবধি গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
