ওঙ্কার ডেস্কঃ দক্ষিণবঙ্গে বুধবারের তুলনায় আজ, বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনভর কখনও রোদ্দুর, কখনও আবার আকাশে মেঘের আনাগোনা—এই মিশ্র আবহ থাকছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল, শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কারণ, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ফের মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যেতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি, কিছু জায়গায় সামান্য সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে কমবে সেই সম্ভাবনাও। দুর্যোগের আশঙ্কা আপাতত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
