ওঙ্কার ডেস্ক: আজ শনিবার, বলা যেতে পারে উইকেন্ডের মরশুম শুরু। আবার পরের সপ্তাহের প্রথম দিন সোমবার কর্মব্যস্ত জীবন কাটানোর পরেই ছুটির গন্ধ। কারণ বাতাসে ম ম করবে আবিরের গন্ধ।
তবে দোলের দিন কেমন আবহাওয়া থাকবে তার চেয়েও এখন সকলের নজর রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে। কারণ আগামীকাল ক্রিকেট জ্বরে পুড়বে কলকাতা।
একেই রবিবার , তারউপর ইন্ডিয়া – ওয়েস্ট ইন্ডিজ খেলা, আবার খেলার ময়দান খোদ কলকাতার ইডেন। এই ম্যাচই নির্ধারণ করবে ইন্ডিয়ার ভবিতব্য, সেমিফাইনালের খেলা।
এই আবহেই ক্রিকেটপ্রেমীদের এখন আরও একটি ভয় আগামীকালের আবহাওয়া।
এরই উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস স্বস্তি দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। রবিবার কলকাতায় ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও থাকবে ৪৫-৫০ শতাংশ। ফলে ইডেনের পিচে শিশির পড়ারও কোনো সম্ভাবনাই নেই। স্পিন বোলারদের সুবিধাই হবে।
শনিবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিনও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে দোল পূর্ণিমার আগেই গরম পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়বে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
ফলে হাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী বোঝাই যাচ্ছে, এবছর ধুম জ্বরে আক্রান্ত হতে চলেছে বাংলা। তাপমাত্রার পারদ কোথায় গিয়ে ঠেকে, সেই আতঙ্কই দিন গুনছে বাংলাবাসী।
