ওঙ্কার ডেস্ক: অক্টোবর বিদায় নিয়ে নভেম্বর চলে এসেছে। আর নভেম্বরের শুরু থেকেই সকালে এবং রাতে দক্ষিণবঙ্গবাসী হালকা ঠান্ডা উপভোগ করছেন। ভোরের শীতল মিষ্টি হাওয়ায় মন ভেসেছে দক্ষিণবঙ্গ বাসীর।
তবে আলীপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই আমেজে ব্যাঘাত ঘটাতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ। তবে হতাশার মধ্যে আশার খবর হলো, এই ব্যাঘাতে গোটা রাজ্যবাসীকে ভুগতে হবে না।
পাশাপশি হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপ প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে না এরাজ্যে। পরোক্ষভাবে প্রভাব ফেলছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায়। বুধবার অর্থাৎ আজকের মধ্যে মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশিকা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
সপ্তাহান্তে সকালবেলায় দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরো বেশি করে অনুভব করতে পারবে শীতপ্রিয় মানুষজন। মোটামুটি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই উত্তরবঙ্গে। উত্তরের পার্বত্য অঞ্চল গুলিতে উইকেন্ডে তাপমাত্রা আরো হ্রাস পাবে। দার্জিলিং কালিম্পং এই সকল জায়গা গুলিতে রাতের দিকে তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
