ওঙ্কার ডেস্ক: শীতপ্রেমীদের জন্য রইল সুখবর। বুধবার থেকেই নামতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বলে জানাচ্ছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শনিবারের মধ্যে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ১৫ ডিগ্রিরও নীচে থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে।
চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শীতের আমেজ আরও বাড়বে। চলতি সপ্তাহে আকাশ আংশিক মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শীত বাড়ার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়বে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নেমেই চলেছে। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার প্রভাব বেশি থাকবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা কুয়াশা থাকবে।
