ওঙ্কার ডেস্ক: শীতের আমেজ এখনও বজায় রয়েছে রাজ্য জুড়ে। ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও আবারও তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা। ফলে আবারও শীতের আমেজ অনুভব করছে রাজ্যবাসী। তবে কতদিন থাকবে এই শীতের আমেজ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে শীত প্রেমীদের মনে ।
এখন দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ২দিন উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা বজায় থাকবে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আপাতত ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কুয়াশার পূর্বাভাস।
উত্তরবঙ্গের তাপমাত্রাও বেশ কিছুটা নেমে গিয়েছে। তবে বুধবারের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা।
