ওঙ্কার ডেস্ক: সামনেই পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তির দিন কনকনে ঠান্ডা যে পড়বে, তা কারোরই অজানা নয়। তবে এবছর ওইদিন ঠিক কতটা শীত উপভোগ করবে রাজ্যবাসী তথা বিশেষত দক্ষিণবঙ্গবাসী, তাই এখন জানার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন কনকনে ঠান্ডায় রীতিমত ঠকঠক করে কাঁপবে বাংলা। কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায়।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়েছিল ১৫ ডিগ্রির ঘর। গত সপ্তাহের তুলনায় হালকা বৃদ্ধি পেয়েছিল তাপমাত্রা। তবে কর্মব্যস্ত সপ্তাহের প্রথমদিনেই ফের পুরোনো ছন্দে ফিরল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১২.৪ ডিগ্রির ঘরে । যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কোনো কোনো জেলায় এই কুয়াশা বেলা পর্যন্তও থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে, উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। সেখানে কনকনে শীত থাকবে। গত সপ্তাহে দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকলেও এ সপ্তাহে তেমন সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়াই মূলত থাকবে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে।
