ওঙ্কার ডেস্ক: আবারও দীর্ঘ ছুটি ঘোষণা হয়ে গেলো। না না, আমার বা আপনার নয়। তাই হঠাৎ আনন্দ পাওয়ারও কিছু নেই। এই ছুটি পেল শীত। দীর্ঘ প্রায় ৩ মাস টানা পরিশ্রম করেছে সে। তাই এবার তার বিদায়ের পালা।
মা সরস্বতী বিসর্জনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এবার বিদায় নিচ্ছে শীত। লেপ কম্বল, সোয়েটার জ্যাকেট ঢুকিয়ে তাকে একবছরের জন্য আবার বিশ্রামে পাঠিয়ে ফের ছাতাকে সঙ্গী করার সময় আসন্ন। যদিও যে কদিন রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, তা কার্যত লুটেপুটে নিয়েছে রাজ্যবাসী।
চলতি সপ্তাহের ৩০ তারিখ পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে। ভোর এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। তবে ৩১ তারিখ থেকে ধীরে ধীরে আরও দাপট কমাবে ঠান্ডা, বাড়তে শুরু করবে তাপমাত্রা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি। কলকাতা সংলগ্ন এলাকাতেও তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রির কাছাকাছিই ছিল।
সোমবার থেকেই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে শুরু করেছে। উত্তরেও প্রায় ৩ ডিগ্রির মতো বাড়তে পারে তাপমাত্রা। যার ফলে সেখানেও যে ধীরে ধীরে শীত বিদায় হতে চলেছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
