ওঙ্কার ডেস্ক: রাজ্য জুড়ে জারি রয়েছে ঠাণ্ডার মরশুম। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই হাড়হিম করা ঠাণ্ডায় কাবু রাজ্যবাসী। যদিও হাওয়া অফিসের মতে কিছুটা বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কলকাতাতেও সামান্য বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। তবে বেশ কিছু জেলায় তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে। অন্যদিকে উত্তরবঙ্গেও জারি প্রবল শৈত্যপ্রবাহ। আর রাজ্য জুড়ে বেশ কিছুদিন এমনই পরিস্থিতি বহাল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে। আর সেটা স্বাভাবিকের ২.৪ ডিগ্রি কম। কলকাতা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১১.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম।
উত্তরবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট এখনও ভালই প্রভাব ফেলছে। সবথেকে বেশি শীত রয়েছে দার্জিলিঙে । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রি। তবে শুধু দার্জিলিং নয়, উত্তরের সব জায়গারই মোটামুটি একই পরিস্থিতি । কোচবিহারে ১০.৬ ডিগ্রি, কালিম্পঙে ৮.৩ ডিগ্রি ও মালদায় ৯.৭ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আগামী দুদিন আবহাওয়ার কোনও পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই। তবে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
