ওঙ্কার ডেস্কঃ গতবছর ষড়ঋতুর ষড়শোভায় ভাগ বসিয়েছিল বৃষ্টি। এবছরও গ্রীষ্মের শুরুতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একদিকে ক্রমেই বাড়ছে গরমের দাপট। অন্যদিকে ভ্রুকুটি বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে দক্ষিণবঙ্গে। তবে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার থেকে আকাশের মুখ হবে ভার, আর তারপরেই ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে অঝোর ধারায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও। যদিও বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাবে সোমবারের পর থেকে।
হাওয়া অফিসের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব বাংলাদেশেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আজ আরও একটি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে। এই সব কারণেই রাজ্যে বৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
তবে বৃষ্টিপাতের কারণে যে প্যাচপ্যাচে গরম ভাব কমবে তেমনটা কিন্তু নয়। বজায় থাবে অস্বস্তিকর ভ্যাপসা গরমও। আগামী কয়েকদিন দক্ষিণের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
রবিবার ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । সোমবার এবং মঙ্গলবার এই সব জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। এছাড়া পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। আবার বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবেই বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কলকাতার ক্ষেত্রেও বদলাচ্ছে না আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গের মতই কলকাতাতেও রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও রবিবার থেকে হতে পারে বৃষ্টি। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
