ওঙ্কার ডেস্ক: বসন্তের আমেজে মেতে বঙ্গবাসী। আর দিনকয়েক বাদেই দোলের অনুষ্ঠানে মেতে উঠবে আমজনতা। কিন্তু আবহাওয়া দফতর কি বলছে? গত কয়েক দিন দক্ষিণবঙ্গে পারদ ছিল ঊর্ধ্বমুখী। তবে মঙ্গলবারের বৃষ্টির পর পারদ কিছুটা নেমেছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রার পারদ নিম্নগামী হবে না। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের সম্ভাবনা আপাতত নেই। হাওয়া অফিস জানিয়েছে, এবার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার তেমন হেরফের নেই। তার পরের তিন দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোরে বৃষ্টির জেরে আবার হালকা শীতের আমেজ ফিরেছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অনেক জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেশ নেমে গিয়েছিল। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ‘স্বস্তি’ বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামী তিন-চার দিন আবহাওয়ার তেমন পরিবর্তন না-হলেও, তার পরে তাপমাত্রার পারদ অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে।
বৃষ্টির পরে হালকা উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী দুই দিন একইরকম থাকবে আবহাওয়া। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলায় সেই আমেজ কার্যত উধাও। ১ মার্চ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। কলকাতায় ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে রাতের পারদ। পয়লা মার্চ থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
