ওঙ্কার ডেস্ক : বৃষ্টিকাল গেলেও বৃষ্টি যাচ্ছে না। ফের বাড়ছে বৃষ্টি জনিত দুর্যোগের আশঙ্কা। শনিবার তুলনামূলক ভাবে বৃষ্টি কিছুটা কম হলেও, রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মৌসুমী অক্ষরেখা জারি থাকায় এই ধরণের প্রাকৃতিক পরিস্থিতি চলছে। এই অক্ষরেখার ফলে নিম্নচাপ দেখা দিয়েছে শ্রীগঙ্গানগর থেকে ডালটনগঞ্জ হয়ে ত্রিপুরা পর্যন্ত। অক্ষরেখাটি বিস্তার করেছে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত। আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত। যার ফলে এখনই বৃষ্টি যাচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বলে জানানো হয়েছে। এই প্রভাব জারি থাকবে সোমবারও। যার ফলে বৃষ্টির পরিমান আরও বাড়তে পারে মঙ্গল ও বুধবার।
মঙ্গলবার থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে; বিশেষ করে মঙ্গলবার হুগলি ও উত্তর ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টির কথা আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৪৭ মিলিমিটার।