ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত বৃষ্টির ধারা বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতির পর শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে টানা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। উত্তরবঙ্গে ৭ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
