ওঙ্কার ডেস্ক: ওয়েব সিরিজ দেখে নিজের স্ত্রীকে কুপিয়ে নৃশংস ভাবে খুন করলেন ৬২ বছর বয়সী এক ব্যক্তি। দীর্ঘ দিনের সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। জীবনসঙ্গীকে খুনের পর চম্পট দিয়েও শেষরক্ষা হয়নি। পুলিশ তাঁকে পাকড়াও করেছে ইতিমধ্যে। খুনের পর অস্ত্রটি ফেলে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন ওই অভিযুক্ত। পূর্ব দিল্লিতে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ব্যক্তির নাম কমল সিং। তাঁর স্ত্রীর নাম কোমল সিং। ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই। ওই দিন বাড়িতে একা ছিলেন কোমল। তাঁদের ছেলে লাইব্রেরিতে গিয়েছিলেন পড়াশোনা করতে, মেয়ে ছিলেন অফিসে, আর পরিচারিকা কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছিলেন। পুলিশের এক আধিকারিক জানান, ওই দিন দুপুর পৌনে একটা নাগাদ কোমল যখন বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছিলেন। তখন তাঁর স্বামী পেছন থেকে এসে তলোয়ার দিয়ে মাথায় আঘাত করেন। সেই আঘাত সামলে কোনও রকম ভাবে কোমল চিৎকার করে ওঠেন। প্রাণ বাঁচাতে রান্নাঘরের দিকে দৌড়ে যান। এরপর কমল তাঁর স্ত্রীর চুল ধরে টেনে বসার ঘরে নিয়ে আসেন। কাঁচি দিয়ে বারবার আঘাত করেন শরীরে।
পুলিশের মতে, আশেপাশের লোকজন ওই মহিলার চিৎকার শুনতে পেলেও এগিয়ে আসেননি। কমলের বাবা তাঁর স্ত্রীকে কী ঘটছে দেখার জন্য বললেও কমলের মা ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর পরামর্শ দেন। এদিকে স্ত্রীকে খুনের পর কমল রক্তমাখা পোশাক ও তলোয়ার একটি ব্যাগে ভরে স্কুটারে করে পালিয়ে যান। যাওয়ার পথে তিনি ব্যাগটি ফেলে দেন। এরপর দুটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৭ লক্ষ টাকা তোলেন; এর আগে স্ত্রীর ঘর থেকে নগদ ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়ে বেড়াতে থাকেন তিনি। যদিও তিন দিন ধরে তল্লাশি চালানোর পর দিল্লি পুলিশ মথুরা রেলওয়ে স্টেশনের কাছ থেকে কমলকে গ্রেফতার করেছে। পুলিশ তাঁর স্কুটারটি বাজেয়াপ্ত করার পাশাপাশি তাঁর কাছ থেকে সমস্ত নগদও উদ্ধার করেছে।