শান্তুনু পান, পশ্চিম মেদিনীপুর : টানা বৃষ্টির জেরে ফের ভাসলো ঘাটাল। ঘাটাল পুরসভা এলাকার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ড জলে প্লাবিত। চন্দ্রকোনার জল কমে যাওয়ার ফলেই জল বাড়ছে ঘাটালে। তবে ঘাটালে প্রথমের দিকে যেভাবে জল বাড়ছিল পরের দিকে জল বৃদ্ধির হার কমেছে বলে জানা গেছে। চন্দ্রকোনা দুই ব্লকের প্রায় পঞ্চাশটি গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে।
পাশাপাশি অনেক কৃষিজমিও জলের তলায় চলে গেছে বলে খবর। বিভিন্ন এলাকায় কাঠের ও বাঁশের সাঁকো ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের।
এর মধ্যেই শুক্রবার রাজ্য সড়ক দিয়ে তুলসী রুইদাস নামে এক ব্যক্তি সাইকেলে করে আত্মীয়র বাড়ি যাবার পথে জলের স্রোতে ভেসে যায়। তারপর স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হয় কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যক্তির কোন খোঁজ মেলে নি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি পুলিশ সুপার ধৃতিমান সরকার ও ঘাটালের মহকুমা শাসক, সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা মিলে ঘাটাল মহকুমা প্রশাসনে একটি বৈঠক করেন বলে জানা গেছে। তারপরই জেলার শাসকের কথামতো এক হাজারের বেশি প্লাবিত এলাকার মানুষকে ত্রাণ শিবিরে আনা হয়েছে। প্লাবিত এলাকাগুলিতে স্পিডবোটে শুকনো খাবার পানীয় জল নিয়ে যাওয়া হয়।
যদিও পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না বলে প্লাবিত এলাকার মানুষজনেরা অভিযোগও জানিয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ করে জানিয়েছেন প্রত্যেকবারই ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে না না জল্পনা শোনা যায়। কিন্তু প্রত্যেক বছরই বর্ষার সময় ঘাটাল প্লাবিত হয়। প্রশাসনের তরফ থেকে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানিয়েছে স্থানীয়রা। চরম ভোগান্তি মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
