নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : ভোর থেকে একটি দলছুট দাঁতাল হাতির তান্ডবে আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে।জানা যায়, বুধবার ভোরে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। গ্রামে ঢুকেই তান্ডব শুরু করে দাঁতালটি। গ্রামের পাথরপাড়ায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দাঁতালটি। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। আহত হন ওই গ্রামেরই আরো ৬ জন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দাঁতালটি রাউৎখণ্ডের পর জামডিগরি হয়ে সটান হাজির হয় কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় । দাঁতাল হাতিটির এমন অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টাতে হাতিটিকে বাগে আনা সম্ভব হয়।
