ওঙ্কার ডেস্ক: চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে গুনে আর কয়েক মাস বাকি। এই আবহে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত দল। তবে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। সেই বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল হাত শিবির। কংগ্রেসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বামফ্রন্টের সঙ্গে তাঁরা কোনও জোট করবে না। বরং রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে স্বতন্ত্র ভাবে প্রার্থী দেবে তারা।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মির প্রকাশ্য সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুভঙ্কর বলেন, হুমায়ুন কবীর ধর্মীয় আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়েছেন। তাঁর সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, পরোক্ষ ভাবে হুমায়ুন কবীরকে প্রশ্রয় দিচ্ছে বামেরা। যারা ধর্মীয় বিভাজন করে কংগ্রেস তাদের সঙ্গে থাকতে চায় না। তাঁর কথায়, ‘বামেদের সঙ্গে আগে যা কিছু সম্পর্ক ছিল, সেসব অতীত এখন। সাধারণ কর্মীদের মতকে গুরুত্ব দিয়ে আমরা একা লড়াই করব। রাজ্যের সমস্ত আসনেই প্রার্থী দেব।’
বুধবার কাটোয়া শহরের রবীন্দ্র পরিষদ হলে কর্মী সম্মেলনে গোলাম আহমদ মির বলেন, ‘সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণ কর্মীদের দাবিতেই সিলমোহর দিয়েছেন। পশ্চিমবঙ্গে দল এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।’ উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করে হাত শিবির। সে বারে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল হয়েছিল কংগ্রেস। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিও আসন পায়নি হাত শিবির।
