ওঙ্কার ডেস্কঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম বেরিয়েছে। তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম ‘অ্যাডজুডিকেটেড’ হিসেবে চিহ্নিত হয়েছে। রবিবার জানা গেল, সেই তালিকায় নাম রয়েছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের।
দেশের মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন রিচা ঘোষ। তাঁর গায়ে দেশের নীল জার্সি। তারপরও কীভাবে তাঁর নাম ‘অ্যাডজুডিকেটেড’ তালিকায় গেল, তা নিয়ে প্রশ্ন থাকছে।
এই ‘অ্যাডজুডিকেটেড’ কারা? সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা SIR-এর কাজ করছেন, তাঁরা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন। তা দেখা শেষ হলে তবেই নিষ্পত্তি হবে সেই নথিগুলির। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলিই হল ‘অ্যাডজুডিকেটেড’। সেই তালিকায় নাম রয়েছে ৬০ লক্ষের বেশি নাম। এমন অনিশ্চিত ভবিষ্যতের ৬০ লক্ষ নামের মধ্যেই পড়ে গেল রিচা ঘোষের নামও।
এই ঘটনায় ফের সুর চড়িয়েছে তৃণমূল। শাসকদলের কটাক্ষ, নির্বাচন কমিশনের SIR নিয়ে কোনও সঠিক পরিকল্পনাই নেই, রিচা ঘোষের নাম বাদ যাওয়া সেই ঘটনার প্রমাণ। বিশ্বকাপজয়ী সোনার মেয়ের নামও ওঠে না চূড়ান্ত তালিকায়! যিনি দেশকে জিতিয়েছেন, তিনিও দেশের নাগরিক নন! এই নিয়ে কমিশনকে তুলোধনা করেছে শাসকদল।
