ওঙ্কার ডেস্ক: হোটেল ব্যবসায়ীকে একাধিক গুলিতে ঝাঁঝরা করে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। ওই জেলার সামশেরগঞ্জে এই ঘটনা ঘটেছে। তদন্তকারীদের অনুমান, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁকে খুন করা হয়েছে। কী উদ্দেশে খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত হোটেল ব্যবসায়ীর নাম রাহুল বিশ্বাস। ৩৪ বছর বয়স তাঁর। তিনি সামসেরগঞ্জ থানার তারবাগান এলাকাযর বাসিন্দা ছিলেন। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সামসেরগঞ্জের নতুন ডাকবাংলার নুর মোহাম্মদ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে তাঁকে গুলি করেই চম্পট দেয় দুস্কৃতীরা। পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি বুকে ও একটি মাথায় লাগে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। এর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়াহয় প্রথমে। সেখান থেকে স্থানান্তর করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পুরনো শত্রুতার জেরে এই খুন বলে মনে করা হচ্ছে। ঘটনার পর শামসেরগঞ্জে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কার এসডিপিও-সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় নিরাপত্তারক্ষী সামিউল আলম বলেন, ‘আমি রাতের ডিউটিতে যোগ দিয়ে ঘরে বসে মোবাইল দেখছিলাম। তখনই দুটো গুলির শব্দ শুনতে পাই। আমি ছুটে যাওয়ার আগেই দুস্কৃতীরা পালিয়ে যায়। তাদের কাউকে দেখতে পাইনি। কজন এসেছিল জানি না।’
