ওঙ্কার ডেস্ক: বাংলার বিশিষ্ট মানুষদের এসআরআরের শুনানিতে ডাকা নিয়ে ক্ষুব্ধ হয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের শুনানিতে ডাকাকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে।
জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর সাফ বক্তব্য, বহু মানুষ ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র কারণে শুনানির নোটিস পেয়েছেন। সমাজের বিশিষ্টরা ব্যতিক্রম নন। তাঁদেরও আর পাঁচজনের মতো নোটিস পাঠানো হয়েছে, এটা আইনের বিষয়। এনিয়ে আপত্তির কোনও কারণ নেই। প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী কেন ক্ষুব্ধ হচ্ছেন এই বিষয়ে!
মোট তিন পাতার চিঠিতে শুভেন্দু জানিয়েছেন, এসআইআর নিয়ে কমিশনের পদক্ষেপ যথাযথ এবং নিরপেক্ষ। এর মধ্যে কোনও পক্ষপাতিত্ব নেই। এ প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছেন। মুখ্য নির্বাচনী কমিশনারকে তাই শুভেন্দুর আবেদন, পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর চলছে, তেমন চলুক।
প্রসঙ্গত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে শুনানির নোটিস পাঠানো হয়েছে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিকে। তালিকায় রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব।