ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন নিউইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। বর্তমান ভারতবর্ষে কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণীর ভারতীয়দের জায়গা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা।
কুইন্সের বিভিন্ন মন্দিরে দীপাবলি উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে আলোর উৎসবে শুভেচ্ছা জানাতে গিয়ে মামদানি ভারতের প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি বলেন, ‘আমি এমন এক ভারতে বড় হয়েছি, যে দেশ ছিল বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মিলন ক্ষেত্র। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর দল বিজেপি এমন এক ভারতের কল্পনা করছেন, যেখানে শুধু ‘নির্দিষ্ট’ শ্রেণির ভারতীয়দের জায়গা রয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘আমি মোদী সরকারের সেই ভাবনার বিরুদ্ধে যেখানে ভারত তার বহুত্ববাদী চরিত্র হারাচ্ছে। আমি মনে করি, বৈচিত্রই ভারতের প্রকৃত শক্তি।’ মামদানি স্পষ্ট করে দিয়েছেন, নিউইয়র্কের যে বাদিন্দারা তাঁর মতের সঙ্গে দ্বিমত পোষণ করছেন তাঁদের সুলভ জীবনযাত্রা নিশ্চিত করাও তাঁর কাজ। তিনি বলেন, ‘আমি নিউইয়র্কের মেয়র হতে চাই, যেখানে ৮৫ লক্ষের বেশি মানুষ বসবাস করেন। মোদীকে নিয়ে আমি যে মন্তব্য করেছি, তাঁদের মধ্যে অনেকেই আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমার দায়িত্ব তাদের নিরাপত্তা ও সুলভ জীবনযাত্রা নিশ্চিত করা।’
উল্লেখ্য, এর আগে মামদানি মোদীকে যুদ্ধাপরাধী বলে আক্রমণ করেন। কখনও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মঞ্চ ভাগ করে নেবেন কিনা এই প্রশ্নের জবাবে মামদানি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মোদীকে তুলনা করে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেন। যদিও সমালোচকদের মতে, মামদানির মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।
