ওঙ্কার ডেস্ক: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। যার জেরে প্রাণ হারালেন চার তীর্থযাত্রী। বৃহস্পতিবার কাকিনাডা জেলার জাতীয় সড়কে কাঠিপুড়ি-রবিকমপাডু জংশনের কাছে একটি স্করপিও গাড়ি তাঁদের ধাক্কা মারে। এই ঘটনায় আরও গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, নিহতরা বিজয়নগরম জেলার ডেঙ্কাডা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁরা বিজয়ওয়াড়ার কনক দুর্গা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। মন্দিরটি ভবানী মন্দির নামেও পরিচিত। তাঁদের যাত্রার জন্য ভাড়া করা একটি বাসে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কাঠিপুড়ির কাছে বাসটি থামে। এর পর কয়েক জন তীর্থযাত্রী রাস্তার ধারের একটি চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসা একটি স্করপিও তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সিরিগিডি এরাইয়া (৩৫), তামলিঙ্গলা সীতারাম (৩৬), তাতিপুড়ি বরপ্রসাদ (৩৬) এবং বোনুলা রমনা (৫২)। প্রত্যেকেই বিজয়নগরম জেলার ডেঙ্কাডা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। লোকেশের কথায়, বিজয়নগরম জেলার ডেঙ্কাডা থেকে ভবানী মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের আত্মার শান্তি কামনা করি।