ওঙ্কার ডেস্ক: জাদুসম্রাট পি সি সরকারের শহর কলকাতা। একসময় এই শহরে জাদু দেখার প্রতি মানুষের প্রবল আগ্রহ ছিল। পাড়ায় পাড়ায় বসত ম্যাজিক শো। তবে সময়ের সঙ্গে সেই শিল্পের জনপ্রিয়তা কমেছে। হারিয়ে যেতে বসা জাদুশিল্পকে নতুন করে জনপ্রিয় করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। কলকাতায় তৈরি হতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ ম্যাজিক, ইলিউশন অ্যান্ড পারফর্মিং আর্টস’। জাদু শেখানো, গবেষণা, প্রদর্শনী এবং শিল্পের ঐতিহ্য সংরক্ষণ—সব কিছুরই ব্যবস্থা থাকবে এই প্রতিষ্ঠানে।
নবান্ন সূত্রে খবর, প্রস্তাবিত প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে জাদুশিল্পের অ্যাকাডেমির পাশাপাশি থাকবে প্রদর্শনীর জন্য থিয়েটার হল। তৈরি করা হবে সংগ্রহশালা, আর্কাইভ ও গবেষণাগার। জাদুর সরঞ্জাম এবং শিল্পীদের পোশাক তৈরির জন্য বিশেষ কর্মশালাও গড়ে তোলা হবে। পাশাপাশি, শিল্পীদের থাকার ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের রূপরেখা তৈরি এবং পরিচালনার বিষয়ে পরামর্শ দিতে একটি রাজ্য উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পি সি সরকার পরিবারের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট জাদুকর ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের এই কমিটিতে রাখা হচ্ছে। নবান্নের এক আধিকারিক জানান, একসময় জাদুশিল্পকে ঘিরে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট। কিন্তু বর্তমানে সেই আগ্রহ কমছে। নতুন প্রজন্মের বড় অংশ মোবাইল ফোনে ব্যস্ত থাকছে। এই পরিস্থিতিতে জাদুশিল্পকে ফের জনপ্রিয় করা এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই নতুন প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে জমি চিহ্নিত করা হবে। পাশাপাশি, ক্যাম্পাসের নকশা তৈরি, প্রশিক্ষণের পাঠ্যক্রম নির্ধারণ এবং শিক্ষক নিয়োগের কাজ এগোবে। প্রকল্পের খরচ মেটাতে একাধিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের বরাদ্দের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সহায়তা নেওয়ার কথা ভাবা হচ্ছে। বিভিন্ন সংস্থার অনুদান, স্পনসরশিপ এবং অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকেও আয় করার পরিকল্পনা রয়েছে।