Amartya Sen on Bengali language
H- ভিনরাজ্যে বাঙালিদের উপর নির্যাতন মেনে নেওয়া যায় না, বার্তা অমর্ত্য সেনের
ওঙ্কার ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকেতনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, ‘‘বাঙালিদের উপর যদি অত্যাচার বা অবহেলা হয়, তা মেনে নেওয়া যায় না। এমন অবস্থা চললে, তা বন্ধ করতেই হবে”। তিনি মনে করিয়ে দেন, ভারতের প্রতিটি নাগরিকের দেশের যেকোনও প্রান্তে কাজ ও বসবাস করার সাংবিধানিক অধিকার রয়েছে। বলেন, “যাঁরা ভারতীয়, তাঁদের গোটা দেশেই সমান অধিকার। কোনও নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়”।
বৃহস্পতিবার নিজের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’-তে ফেরেন অধ্যাপক সেন। তাঁর সঙ্গে ছিলেন কন্যা নন্দনা দেবসেন। বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, এসডিপিও রিকি আগরওয়াল-সহ প্রশাসনিক আধিকারিকেরা ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান। তিনি ১৯ আগস্ট পর্যন্ত শান্তিনিকেতনে থাকবেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘ভাষা আন্দোলন’ শুরু হয়েছে বোলপুর থেকে। সেই প্রসঙ্গেও সরব হন অমর্ত্য সেন। বাংলা ভাষার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “চর্যাপদ থেকে রবীন্দ্রনাথ, নজরুল বাংলা ভাষার ঐতিহ্য অপরিসীম। এই ভাষা অবহেলার শিকার হলে, তা বন্ধ করতেই হবে”। তিনি বলেন, “সম্মান দেওয়া উচিত প্রতিটি নাগরিককে, বিশেষত নিজের দেশের মানুষকে। যে কোনও ভাষা, সংস্কৃতি বা গোষ্ঠীর মানুষের প্রতি অবজ্ঞা জাতীয় ঐক্যের পরিপন্থী।”
ভারতের সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা তুলে ধরে অমর্ত্য সেন স্মরণ করিয়ে দেন জাতীয় সম্মান, ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক সহাবস্থানই ভারতের প্রকৃত শক্তি। সেই আবহেই তিনি বলেন, “যাঁরা জীবিকার খোঁজে নিজের রাজ্য ছেড়ে বাইরে গিয়েছেন, তাঁদের উপর আক্রমণ বা হেনস্থা হওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”
অধ্যাপক সেনের এই বার্তা বাংলার বাইরে বাঙালিদের প্রতি ঘন ঘন অত্যাচারের অভিযোগের আবহে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। ভাষা ও পরিচয়ের সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে আরও দায়িত্বশীল হওয়ারও পরোক্ষ বার্তা দিয়ে গেলেন প্রবাসী বাঙালির গর্ব, অমর্ত্য সেন।
