ওঙ্কার ডেস্ক: রাজধানীতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এর ২৭৩ কোম্পানি মোতায়েনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আন্দোলন তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছ। সম্ভাব্য সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এই আবেদন করা হয়েছে।
১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক চিঠিতে, দিল্লির স্পেশাল কমিশনার অফ পুলিশ (অপারেশনস)-এর কার্যালয় অনুরোধ জানিয়েছে, রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সশস্ত্র জওয়ান মোতায়েনের মেয়াদ ১২ অক্টোবরের পরেও বাড়ানো হোক। চিঠি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লি পুলিশকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ৩০১ সিএপিএফ কোম্পানি সরবরাহ করেছিল। এর মধ্যে ২২১ কোম্পানি মোতায়েন করা হয়েছিল ৬ অক্টোবরের এক নির্দেশে। বাকি ৮০ কোম্পানি মোতায়েন করা হয়েছিল ৮ অক্টোবরের অনুমোদনে।
‘ককরোচ জনতা পার্টি’ এবং অন্যান্য সংগঠনের কর্মীদের মিছিল ও বিক্ষোভ আরও তীব্র হতে পারে জাতীয় রাজধানীতে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পর এই অনুরোধ জানানো হয়েছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ হতে পারে বলে খবর। যন্তর মন্তর ও ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করতে পারেন বিক্ষোভকারীরা। দিল্লি পুলিশ সতর্ক করেছে, বিক্ষোভকারীরা সংসদ ভবন, ইন্ডিয়া গেট এবং মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের কার্যালয় ও বাসভবনের মতো সংবেদনশীল জায়গায় বিপুল সংখ্যায় জড়ো হওয়ার চেষ্টা করতে পারে। যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে।