নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কলকাতার পর এবার রামধনুর রঙে সেজে উঠছে শিল্পাঞ্চল আসানসোল। দুর্গাপুজোর মুখে শহরের অন্যতম ব্যস্ত এলাকা বিএনআর মোড়ের সেতুর দুই পাশে রামধনুর সাত রঙে সাজানোর কাজ শুরু হয়েছে। পুজোর আগেই এই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতার নিউটাউন ও বিধাননগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং ফুটপাতে রামধনুর রঙে সাজিয়ে তোলা হয়েছিল। পর্যটকদের আকর্ষণ এবং শহরের সৌন্দর্যায়নের জন্য নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে সেই কাজ করা হয়। কলকাতার সেই রঙিন রাস্তা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এবং শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সেখানে গিয়ে ছবি তুলছেন। কলকাতার সাফল্যের পর এবার জেলা শহরগুলিতেও একই মডেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগেই আসানসোলের এই সাজানোর কাজ চলছে। শুধু আসানসোল নয়, ধাপে ধাপে রাজ্যের অন্যান্য শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তাকেও রামধনুর রঙে সাজিয়ে তোলা হবে।
দুর্গাপুজোর আগে এই উদ্যোগে শহরের চেহারা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পুজোর সময় আসানসোলে প্রচুর মানুষ ঠাকুর দেখতে বের হন। রামধনুর রঙে মোড়া রাস্তা তাঁদের কাছে বাড়তি আকর্ষণের কারণ হবে বলেই আশা পুরসভার।