নিজস্ব প্রতিনিধি, হাওড়া : সমাজ পরিবেশ এবং অসহায় মানুষদের পাশে সর্বদা থেকেছে গঙ্গা মিশন। তা আরও একবার দেখা গেল হাওড়ার আমতায় তাজপুর এলাকার কালীতলায় তিন দিনের সম্প্রীতি উৎসবের মাঠে। শেষ দিনে বিপুল উৎসাহে চললো গঙ্গা মিশনের উদ্যোগে বিনাব্যয়ে স্বাস্থ্য শিবির। প্রচুর দরিদ্র মানুষ এদিন সম্পূর্ণ বিনাব্যয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করালেন। শুধু তাই নয়, আগামীবছর এই মেলায় যেন গঙ্গা মিশন এমন উদ্যোগ নেয় তাঁরও দাবি জানালেন এলাকার মানুষ।
এমনই এক উপভোক্তা, এলাকার মহিলা পাপিয়া মন্ডল এই পরিষেবা পেয়ে বেজায় খুশি। তিনি জানিয়েছেন, “এমন স্বাস্থ্য শিবির যেন প্রতি বছর হয়।” তিনি নিজেও চোখ ও স্কিন পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছেন। তাই কালীতলার মাঠে সম্প্রীতি উৎসবের শেষ দিনে, রবিবার, একটু অন্যরকম ভাবে কাটলো এই মেলার আয়োজন। গঙ্গা মিশনের এমন সেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলার উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। স্থানীয় আরেক বাসিন্দা সৌরভ বেরা গঙ্গা মিশনের এই উদ্যোগের ভূয়োশী প্রসংশা করেছেন। তিনি বলেছেন, “যাঁরা এই প্রান্তিক এলাকা থেকে বড় জায়গায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, তাঁরা এই শিবিরে এসে বিশেষভাবে উপকৃত হয়েছেন।” মেলার আয়োজক কমিটি ও গঙ্গা মিশনকে এর জন্য কুর্নিশ জানিয়েছেন। তাঁরও দাবি, “গঙ্গা মিশনের পক্ষ থেকে যেন এই ধরণের শিবির নিয়মিত করা হয়। এতে এলাকার দরিদ্র মানুষেরা উপকৃত হবেন।”
গঙ্গা মিশনের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ওঙ্কার গ্রুপের চেয়ারম্যান প্রহ্লাদ রায় গোয়েঙ্কার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুসহ সমগ্র শারীরিক পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত রয়েছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, তারা এই প্রাঙ্গণে আসা সমস্ত মানুষের শরীরের বিভিন্ন সমস্যার কথা শুনে খুঁটিনাটি পরীক্ষা করে দিচ্ছেন তাদের মূল্যবান উপদেশ। সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ওষুধও। চক্ষু পরীক্ষার ব্যাপারে এই আয়োজনে বিশেষ ব্যবস্থা ছিল।
এদিন সকাল থেকেই এই প্রাঙ্গণে স্বাস্থ্য সচেতন মানুষের সাড়া মিলেছে চোখে পড়ার মতো। একই সঙ্গে তারা গঙ্গা মিশনের এই উদ্যোগকেও কুর্নিশ জানিয়েছেন। আমতার তাজপুর কালিতলায় অনুষ্ঠিত হচ্ছে চোদ্দ বছর ধরে “আমতা সম্প্রীতি উৎসব। “বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায়, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি সহ একাধিক ব্যক্তিত্ব।
