ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি বালিয়ায় একটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি লিভ-ইন সম্পর্ক নিয়ে বলেন, “এ ধরনের সম্পর্কের পরিণতি দেখতে চাইলে অনাথ আশ্রমে যান, যেখানে ১৫ থেকে ২০ বছরের মেয়েরা এক বছরের শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে।” পরবর্তীতে বারাণসীতে আরেকটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন, “লিভ-ইন সম্পর্ক থেকে দূরে থাকো, নয়তো তোমাকে ৫০ টুকরো অবস্থায় পাওয়া যাবে।” এই মন্তব্যে তোলপাড় রাজনীতি।
রাজ্যপাল জানিয়েছেন, গত ১০ দিন ধরে তিনি এমন ঘটনার খবর পেয়েছেন যা তাঁকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে মেয়েদের সচেতন করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্কতা অবলম্বন করে। পকসো আইনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে এই বিষয়ে শিক্ষা দেওয়া উচিত।
তবে, এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে বলেছেন, এটি মেয়েদের স্বাধীনতা ও ব্যক্তিগত জীবনে অযথা হস্তক্ষেপ। লিভ-ইন সম্পর্কের বিষয়ে সচেতনতা জরুরি হলেও, এটি ব্যক্তিগত জীবন ও সম্পর্কের স্বীকৃতিকে অস্বীকার করে না। একজন রাজ্যপালের দায়িত্ব সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া এবং সমাজে মূল্যবোধ রক্ষা করা, কিন্তু তিনি যদি ব্যক্তিগত জীবনকে নিন্দার স্বরূপ দেখান, তা সমালোচনার জন্ম দেয়।
ব্যক্তিগতভাবে মনে হয়, লিভ-ইন সম্পর্ক নিয়ে সচেতনতা প্রয়োজন, তবে এটি বন্ধ করে দেওয়ার বা ভয় দেখানোর মতো মন্তব্য সমাজের জন্য প্রগতিশীল নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা এবং সচেতনতা দিয়ে মানুষকে নিজের জীবনবিধি তৈরি করতে সহায়তা করা। রাজ্যপালের মন্তব্য একটি সতর্কবার্তা হলেও তার উপস্থাপনা ও ভাষার তীব্রতা সামাজিক বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে।
