ওঙ্কার ডেস্ক: আসিম মুনিরের পদোন্নতি! পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁকে পাঁচ বছরের জন্য দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন। পাকিস্তানের রাষ্ট্রপতির অফিসের তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস, উভয় পদে আসিম মুনিরকে বসানোর জন্য সুপারিশ করেছিলেন। পাক প্রধানমন্ত্রীর সেই প্রস্তাব অনুমোদন করেছেন জারদারি।
পাক প্রেসিডেন্টের অফিসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ৫ বছরের জন্য সিডিএফ হিসেবে সৈয়দ আসিম মুনিরকে নিয়োগের অনুমোদন দিয়েছেন।’ একই সঙ্গে তিনি বহাল থাকবেন চিফ অফ আর্মি স্টাফ পদেও। উল্লেখ্য, আসিম মুনিরকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের প্রশাসনিক মহলে জল্পনা চলছিল। সেনাপ্রধান হিসেবে মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়েছে গত ২৯ নভেম্বর। ওই দিনই নতুন সিডিএফ পদে তাঁকে নিয়োগ করার কথা ছিল।
আন্তর্জাতিক কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসিম মুনিরের এই ক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানে আরও শক্তিশালী ব্যক্তিত্ব হতে চলেছেন তিনি। আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তানের শাহবাজ শরিফের সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে দেশটির জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামে অংশ নিতে চলেছে পাক সেনা প্রভাবিত ফৌজি ফাউন্ডেশন। পাকিস্তানের সেনাবাহিনী ছাড়াও এই ফৌজি ফাউন্ডেশনেও প্রভাব রয়েছে আসিম মুনিরের।
