ওঙ্কার ডেস্কঃ আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মৃত্যুমিছিল থামছে না। সূত্রের খবর, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নতুন সাতটি মৃত্যু শিবসাগর জেলার নজিরা রাজস্ব চক্র এলাকায় হয়েছে। বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ এই সাতটি জেলা বন্যার কবলে।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর ও চরাইদেও। বহু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য বলছে, বর্তমানে ৮১টি ত্রাণ শিবিরে ৩২ হাজার ৪৭৭ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ৩৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে।
মঙ্গলবার বন্যা দুর্গতদের জন্য বড় ঘোষণা করেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যায় মৃতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণ পাওয়ার নিয়মে শিথিলতা আনা হয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি মৃতদের পরিবারকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। যাঁরা বন্যায় নিখোঁজ হয়েছেন, এক মাসের মধ্যে তাঁদের দেহ উদ্ধার না হলে, সংশ্লিষ্ট পরিবারের জন্য মোট ৯ লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র দেওয়ার দায়িত্ব থাকবে সার্কেল অফিসারের উপর।
এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলা—শিবসাগর, চরাইদেও, যোরহাট এবং গোলাঘাটের ‘গুরুতর ক্ষতিগ্রস্ত’ পরিবারগুলিকে অন্তর্বর্তীকালীন সাহায্য হিসেবে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে কিছুদিনের মধ্যে।