ওঙ্কার ডেস্ক: আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হল। নির্বাচনী প্রচারে পর্দা নেমে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলিও নিজেদের প্রচার ও জনসভায় ইতি টেনেছে।
বাংলাদেশের নির্বাচনী বিধি অনুসারে, ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে রাজনৈতিক দল বা প্রার্থীর নির্বাচনী প্রচার শেষ করতে হবে। গত ২২ জানুয়ারি রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করে। ইতিমধ্যে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা সমীক্ষা করেছে। যেখানে আভাস দেওয়া হয়েছে, এ বারের নির্বাচনে জামাত ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। ঢাকা-ভিত্তিক এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট দাবি করেছে, তাদের সমীক্ষায় ৩০০টি নির্বাচনী এলাকার ৪১,৫০০ জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সোমবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে ইএএসডির প্রধান নির্বাহী কর্তা শামীম হায়দার তালুকদার বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসন জিততে পারে, যেখানে জামাত এ ইসলামীর নেতৃত্বাধীন জোট ৪৬টি আসন পেতে পারে।
অন্য দিকে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি (IILD) এর সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে, জামাত নেতৃত্বাধীন জোট ১০৫টি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টি আসন পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্ল্যাটফর্ম ন্যাশনালিস্ট রিসার্চ সেল (NRC) এর তরফে করা সমীক্ষায় ৭৭ শতাংশ ভোট পেয়ে ২২০টি আসনে জয়লাভ করবে।
