নিজস্ব প্রতিনিধি, কোতুলপুর,বাঁকুড়া : বাঁকুড়ার কোতুলপুরের মিল মোড়ের আলুর জমি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। গভীর রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের নাম সুমন মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, কোতুলপুরের পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী সুমন গতকাল রাতে ওন্দা থেকে বাইকে ফিরছিলেন। মিল মোড়ের কাছে বেশ কয়েকজন যুবক তাঁকে আক্রমণ করে। সুমন পালাতে গেলে আলুর জমিতে তাঁকে পিছন থেকে ছুরি মেরে ফেলে দেওয়া হয় এবং পরপর ছুরি চালিয়ে খুন করা হয়। পরে স্থানীয়রা দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পুলিশের তদন্তে জানা গেছে, পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে সুমনের দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা প্রকাশ্যে আসতেই গৃহবধূর স্বামীর সঙ্গে বিবাদ হয় এবং সতর্কতা সত্ত্বেও সম্পর্ক না ছাড়ায় খুনের ছক কষে গৃহবধূর স্বামী। অভিযোগ, তিনি তিন সঙ্গীকে নিয়ে সুমনকে খুন করেন। মূল অভিযুক্ত রামপ্রসাদ রায়সহ চারজন গ্রেফতার হয়েছে। আজ দেহ পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তে এবং ধৃতদের তোলা হবে মহকুমা আদালতে।
