ওঙ্কার ডেস্ক: পুজোর আগেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন । সসোমবার নির্বাচন কমিশনের তরফে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয় আরও দুই রাজ্যের তিন বিধানসভা এবং একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। কমিশন জানিয়েছে, আগামী ৬ অক্টোবর হবে উপনির্বাচন। ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ৯ অক্টোবর।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নপ্নদীগ্রাম দুটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দুটি আসনেই জয়ী হন তিনি। পরে ভব্বানীপুর আসন নিজের হাতে রেখে নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন। রেজিনগর আসনটি ফাঁকা হয় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর এই আসন ছেড়ে দেওয়ায়। দুই কেন্দ্রে ভোট ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১৭ তারিখ হবে মনোনয়ন পরীক্ষার কাজ। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৯ সেপ্টেম্বরের মধ্যে।
বাংলার দুটি আসন ছাড়া তামিলনাড়ুর দু’টি এবং পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তামিলনাড়ুর মাদুরান্তকাম আসনে মারাগাথাম কুমারভেল এবং ধারাপুরমে পি সত্যবামা পদত্যাগ করেছেন। সে কারণে সেখানে উপনির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। এ ছাড়া পুদুচেরির থাট্টানচাভাড়ি কেন্দ্রে ইস্তফা দিয়েছেন এন রঙ্গস্বামী। অসমের নওগাঁও লোকসভা কেন্দ্রের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ইস্তফা দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে।