নদী পৃথিবীর ধমনি । নদী ঘিরে নানা সভ্যতা গড়ে উঠেছে প্রাচীন কাল থেকে। কোনও নদীর বয়স কত বা ঠিক কত বছর আগে থেকে একটি নদীর পথচলা শুরু হয়েছে তা সঠিকভাবে অনুমান করা খুবই কঠিন। বিশ্বে দেড় লাখের বেশি নদী রয়েছে, বিশ্বের সবচেয়ে প্রাচীন নদী ফিঙ্ক বলে ধারণা করা হয়। অস্ট্রেলিয়ার মধ্যভাগ দিয়ে প্রবাহিত এই নদী ৩৫ থেকে ৪০ কোটি বছরের পুরোনো। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ১০ নদী নিয়ে আলোচনা করা হত
১
ফিঙ্ক নদী
অস্ট্রেলিয়ার ফিঙ্ক নদী পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদী। এটির বয়স ৩৫ থেকে ৪০ কোটি বছর। অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণ এই নদীকে লারাপিনটা নামে ডাকে। বর্তমানে শুধু ভারী বৃষ্টির সময় নদীটি প্রবাহিত হয়
অস্ট্রেলিয়ায় অ্যালিস স্প্রিংস ওরোজেনি গড়ে ওঠার আগে থেকেই ফিঙ্ক নদী প্রবাহিত হচ্ছে বলে ধারণা করা হয়। অ্যালিস স্প্রিংস ওরোজেনি হলো একটি ভূতাত্ত্বিক গঠন।
২
মিউজ নদী
মিউজ নদী ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ধারণা করা হয়, এ নদীর বয়স ৩২ থেকে ৩৪ কোটি বছর। ইউরোপে পাহাড় গঠনের প্রাথমিক যুগ ‘হার্সিনিয়ান ওরোজেনি’ চলাকালে এ নদী ভূপ্রকৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
৩
ফ্রেঞ্চ ব্রড নদী
ফ্রেঞ্চ ব্রড নদী উত্তর আমেরিকার অন্যতম প্রাচীন নদী। ধারণা করা হয়, এটির বয়স ৩২ থেকে ৩৪ কোটি বছর। এটি নর্থ ক্যারোলাইনা থেকে শুরু হয়ে টেনেসির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং অ্যাপ্যালাচিয়ান পাহাড় অতিক্রম করেছে।
৪
নিউ নদী
অ্যাপ্যালাচিয়ান পাহাড় অতিক্রম করা নিউ নদীকে কমপক্ষে ২৬ থেকে ৩২ কোটি বছরের পুরোনো ধরা হয়। চমকপ্রদ বিষয় হলো, নিউ নদী সেই পাহাড়গুলো থেকেও প্রাচীন, যেগুলোর মধ্য দিয়ে এটি প্রবাহিত হচ্ছে। আরেকটি আশ্চর্যজনক তথ্য হলো, নদীটি এমন সময়ে নিজের পথ তৈরি করেছে, যখন আটলান্টিক মহাসাগর গঠিত হয়নি।
৫
রাইন নদী
জার্মানি, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাইন নদী। ধারণা করা হয়, এই নদীর বয়স প্রায় ২৪ কোটি বছর। এটি ট্রায়াসিক যুগের সময় গঠিত হতে শুরু করে এবং পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে পথ তৈরি করে এগিয়ে যায়।
৬
সেভ নদী
দক্ষিণ আফ্রিকার সেভ নদী প্রায় ২০ কোটি বছর আগে গঠিত হয়েছে। এটি প্রাচীন সুপার মহাদেশ গন্ডওয়ানা ভেঙে যাওয়ার সময় থেকেই প্রবাহিত হতে শুরু করে। নদীটি জিম্বাবুয়ে ও মোজাম্বিক অতিক্রম করে শেষ পর্যন্ত ভারত মহাসাগরে গিয়ে পড়েছে।
৭
নর্মদা নদী
ভারতের নর্মদা নদীর বয়স প্রায় ১৬ কোটি বছর। ভারতে কয়েকটি বড় বড় নদী রয়েছে। তবে নর্মদা সেগুলোর মতো বড় নয়, বরং এই নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে দেশের মধ্যভাগ অতিক্রম করেছে। প্রাচীন মহাদেশ গন্ডওয়ানা ভেঙে যাওয়ার সময় নর্মদা গঠিত হয়।
৮
আমুর দরিয়া
আমুর দরিয়া বা নদীর বয়স প্রায় ১২ কোটি বছর। এটি পূর্ব সাইবেরিয়ার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটি পাহাড়ের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে রাশিয়া ও চীনের সীমান্ত অতিক্রম করেছে। মাছ ধরার জন্য আমুর দরিয়া বিখ্যাত, বিশেষ করে স্টুর্জন ও স্যামন মাছ। এ নদী স্থানীয় জনগোষ্ঠীর পরিবহন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৯
ম্যাকলাই নদী
ম্যাকলাই নদী প্রায় আট কোটি বছরের পুরোনো। এই নদী অস্ট্রেলিয়ার গ্রেট এসকারপমেন্ট গঠিত হওয়ার আগে তৈরি হয়েছে নদীর তীরে বিচিত্র উদ্ভিদ ও প্রাণী দেখা যায়, যা অস্ট্রেলিয়ার উষ্ণমণ্ডলীয় বনভূমির বৈশিষ্ট্য তুলে ধরে।
১০
কলোরাডো নদী
কলোরাডো নদীর বয়স প্রায় সাত কোটি বছর। এটি গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি করেছে। কলোরাডো নদী রকি মাউন্টেইন থেকে শুরু হয়ে ইউটাহ ও অ্যারিজোনা অতিক্রম করে মেক্সিকো সীমান্তের দিকে প্রবাহিত হয়েছে। নদীটি স্থানীয় পরিবহন, সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ।