নিজস্ব সংবাদদাতা : বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই একসঙ্গে একাধিক মোবাইলে বেজে উঠল সতর্কতামূলক অ্যালার্ম। আর সেই অ্যালার্ম ঘিরেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আবহাওয়ার আপদকালীন পূর্বাভাস দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। সাধারণত এই ধরনের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছয়। কিন্তু এদিন আচমকাই একই সময়ে একাধিক মোবাইলে জোরালো সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠায় অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে জানা যায়, আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন এবং ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আবহাওয়ার এই সতর্কবার্তার পর সাধারণ মানুষকেও অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়া এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।