প্রীতম দাস, বীরভূম : বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয় অভিভাবক ও ছাত্রীদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে কিছুদিন আগেই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
এই অভিযোগে ছাত্রীর পরিবারের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
এখন প্রশ্ন উঠেছে এই ঘটনা স্কুলের মধ্যে কেন ঘটলো? এই ঘটনা ঘটার সময় অন্য ছাত্রছাত্রীরা কেন এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায়নি। স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোমবার সকালে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাতে শুরু করে নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা। এর পাশাপাশি এ বিক্ষোভের যোগ দিয়েছিল অভিভাবকরাও।
এরপরই ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেই ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার তদন্ত করার জন্য বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে বলে খবর। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুন্ডু মন্ডল জানিয়েছেন তদন্ত শেষ হবার পরই সমস্ত বিষয়টি সবার সামনে পরিষ্কার হবে।
