ওঙ্কার ডেস্ক: এন্টালি থানার মূল গেটে তালা ঝোলানোর অভিযোগে স্থানীয় বিজেপি নেতা সুদীপ রামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল দল। তাঁকে সাসপেন্ড করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। সেই সঙ্গে শোকজও করা হয়েছে।
গত ১৫ আগস্ট রাতে এন্টালি থানার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হয়ে গোলমাল করে বলে অভিযোগ। ওই সময়ে থানার মূল গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেন সুদীপ রাম। এর জেরে সমস্যায় পড়েন থানার পুলিশকর্মীরা। বাইরে থেকে গেট বন্ধ থাকায় তাঁদের বেরোতে সমস্যায় পড়তে হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার গেটের তালাও খুলে দেওয়া হয়। ঘটনার পর থেকেই বিজেপির অন্দরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সুদীপ রামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হল। শুক্রবার তাঁকে শোকজ করা হয়েছে। স্বাধীনতা দিবসের রাতে কেন থানায় গিয়ে তিনি এমন পদক্ষেপ করেছিলেন, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে তাঁকে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির নিচুতলার নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। তোলাবাজি থেকে দলবিরোধী কার্যকলাপ, একাধিক বিষয়ে সরব হয়েছে দলীয় নেতৃত্ব। পরিস্থিতি সামলাতে বারবার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার জানিয়েছেন, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনও আপস করা হবে না।পুলিশের উপর হামলা বা কাজে বাধা দেওয়ার ঘটনা বরদাস্ত করা হবে না। দলীয় কর্মীদের ক্ষেত্রেও একই নীতি কার্যকর থাকবে বলে বার্তা দিয়েছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও কর্মী-সমর্থকদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, মানুষের ভোটে সরকার গঠিত হয়েছে। তাই দলীয় নেতা-কর্মীদের আচরণেও তার প্রতিফলন থাকা প্রয়োজন।