নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিরোধীদের লাগাতার প্রচারের পালটা জবাব দিতে এবার মাঠে নামছে বিজেপি। দুর্গাপুজো এবং দশেরা মিটলেই দেশজুড়ে সর্বাত্মক প্রচারাভিযান শুরু করবে পদ্ম শিবির।
বিজেপি সূত্রে খবর, বিজয়া দশমীর পরই দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দিল্লিতে সব রাজ্যের সভাপতিদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানেই পালটা আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। বৈঠকে কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বিভিন্ন রাজ্যের সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্বকেও ডাকতে পারেন।
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় কারচুপি হয়েছে এবং এর নেপথ্যে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার— এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেস, বামেরা ইতিমধ্যেই পথে নেমেছে। একই ইস্যুতে সুর চড়িয়েছে ককরোচ জনতা পার্টি এবং বাম ছাত্র-যুব সংগঠনগুলিও। বিরোধীদের এই প্রচারকে ‘অপপ্রচার’ বলে দাবি করে বিজেপি জনগণের কাছে ‘আসল সত্য’ তুলে ধরতে চায়।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, উৎসবের মরসুম শেষ হলেই ব্লক স্তর থেকে জেলা ও শহরাঞ্চলে পথসভা এবং মিছিলের মাধ্যমে প্রচার চালানো হবে। প্রতিটি রাজ্যে এই কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রদেশের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও অংশ নেবেন।