ওঙ্কার ডেস্ক: আর কয়েকদিন পর গোটা দেশ হোলিতে মাতবে। তবে ইতিমধ্যেই দেশের অনেক জায়গায় উদযাপন শুরু হয়ে গেছে। ‘ব্রজ কি হোলি’র জন্য বিখ্যাত উত্তর ভারতে, বিশেষ করে মথুরা, বৃন্দাবন, বরসানা, নন্দগাঁও এবং গোকুলের মতো জায়গায় উম্মাদনা তুঙ্গে পৌঁছেছে।
সম্প্রতি অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হোলি উদযাপনের সময় মহিলাদের আপত্তিকর ভাবে স্পর্শ করা হচ্ছে। যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে সমাজ মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন মহিলা রাস্তা দিয়ে হাঁটছেন। আর সেই সময় তাদের দিকে রঙ ছড়াচ্ছে কয়েক জন। ফুটেজে দেখা গিয়েছে, কয়েক জন পুরুষ মহিলাদের আপত্তিকর ভাবে স্পর্শ করছে। শুধু তাই নয় জোর করে মহিলাদের হাত ধরে থাকতেও দেখা গিয়েছে তাদেরকে। এমন পরিস্থিতির মুখে পড়ে অস্বস্তিতে পড়েন মহিলারা। নিজেদের রক্ষা করার জন্য কয়েক জন ওড়না দিয়ে মুখ ঢেকে নেন।
এই ভিডিও দেখে বহু নেটাগরিক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘আমি কোনও মহিলা বন্ধু বা পরিবারের সদস্য যেন ব্রজে হোলি উদযাপন করতে না যান তা নিশ্চিত করেছি, কারণ সত্যিটা হল, এটি কোনও হোলি উদযাপন নয়, এটি সরাসরি যৌন নির্যাতন। আমার নিজের চোখে দেখা গেছে, স্থানীয়দের আইনের ভয় নেই। তাই, সেখানে হোলি উদযাপন এড়িয়ে চলাই ভালো!’ আরেক জন লিখেছেন, ‘ব্রজ কি হোলির অন্ধকার দিক।’ ধর্ম, সংস্কৃতি বা ঐতিহ্যের আড়ালে হয়রানি কখনই কাম্য নয়। মেয়েদের প্রকাশ্যে যৌন হেনস্থা কোনও সুস্থ মানুষ কীভাবে সংস্কৃতি বা ঐতিহ্য বলতে পারে? এর কঠোর সমাধান দরকার।
