ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দুটি মামলায় আদালত থেকে রক্ষাকবচ পেলেও, গ্রেফতারির আশঙ্কা পিছু ছাড়ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। আরও দুটি মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন তিনি। যদিও উচ্চ আদালত তাঁর সেই আর্জি খারিজ করে দিয়েছে। শুক্রবার তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন।
এদিন বিচারপতি ভট্টাচার্য জানান, দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে। সুমিতের আইনজীবী হাইকোর্টে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আরও চারটি এফআইআর হয়েছে। এর আগে দু’টি এফআইআর-এর ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন তিনি। তার মধ্যে একটি জমি দুর্নীতি মামলা। এই মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দেয়, আগামী শুনানির দিন পর্যন্ত ওই মামলায় সুমিতকে গ্রেফতার করা যাবে না।
তবে শীর্ষ আদালত এটাও জানিয়েছে, জমি-দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। উল্লেখ্য, চাকরি-দুর্নীতির একটি মামলায় শর্তসাপেক্ষে অভিষেকের আপ্তসহায়কের আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট। ওই মামলায় ১০ দিনের মধ্যে তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও সুমিতের আশঙ্কা, এই মামলায় হাজিরা দিতে গেলে তাঁকে জমি-দুর্নীতি মামলায় গ্রেফতার করা হতে পারে। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টে যান সুমিত রায়।